পুলিশকে মারধরের অভিযোগে শিল্পপতির ছেলে আটক
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- রাজধানীর উপকণ্ঠে সাভারে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে শিল্পপতি আলম চাঁনের ছেলে মনির ও তার সহযোগী ইমরানকে আটক করেছে পুলিশ। তবে কনস্টেবলকে মারধর করার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন মনিরের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর আলমনগর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে সুগন্ধা হাউজিং কোম্পানির মালিক আলম চাঁনের ছেলে মনির ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর বাসষ্ট্যান্ডে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে ইউটার্ন দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন।
এসময় তাকে হেমায়েতপুর ঘুরে যাওয়ার কথা বলেন ট্যানারি ফাঁড়ির কনস্টেবল নাসিম মিয়া। এ নিয়ে উভয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কনস্টেবলকে মনির মারধর করেন বলে দাবি করে পুলিশ। পরে ট্যানারি ফাঁড়ির এসআই কামরুলের নেতৃত্বে মনির ও তার সহযোগী ইমরানকে আটক করা হয়।
কনস্টেবল নাসিমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, আটক মনির ও ইমরানের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। তারা এখন থানা হাজতে রয়েছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/14-04-2016/মইনুল হোসেন