মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

ডেস্ক রিপোর্ট ২৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২২তম পবিত্র ওরস শরিফ উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেন মেদিনীপুরে যাবে। আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে কাল মঙ্গলবার রাত ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করবে। ২৪ বগির ওই ট্রেনে করে ২ হাজার ১৫২ জন যাত্রী ওরসে অংশগ্রহণ করবেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ কাদেরী খোকন জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হজরত মুহাম্মদ (সা.)-এর ৩২তম ও বড় পীর গাউস-উল-আযম হজরত আবদুল কাদের জিলানী (আ.)-এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আবদুল কাদেরের ১২২তম বার্ষিক পবিত্র ওরস শরিফ ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হবে। ওরস উপলক্ষে মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন ১ হাজার ২৪৫ জন পুরুষ, ৮৩২ নারী, ৭৫ শিশুসহ মোট ২ হাজার ১৫২ জন ওরস-যাত্রী নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ওরস শেষে ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই বিশেষ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রেখেছে। তবে করোনা মহামারির কারণে ২ বছর এ স্পেশাল ট্রেন বন্ধ ছিল।