সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাড়ির চালকও মারা গেছেন
সাভারের আশুলিয়ার সিএনজি ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাড়িটির চালক সজলও (২০) মারা গেছেন। এতে নিহতের সংখ্যা দাঁড়াল দুই। আহত হয়েছেন অন্তত তিনজন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। তার বাড়ি আশুলিয়ার চাকল গ্রামে। এর আগে বিকাল ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট ডেলটা ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ হলে ঘটনাস্থলে এর নজেল অপারেটর শামীম হোসেন (২৪) মারা যান।
নিহত শামীমের বাড়ি মানিকগঞ্জ জেলার বেতিলায়। তার লাশ প্রথমে আশুলিয়া থানায় নেয়া হয়। পরে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান থানার এসআই আবু হেনা মোস্তফা রেজা।
এ ঘটনায় আহত তিন জন হলেন বাসের সহকারী নয়ন আলী, ফিলিং স্টেশনের নজেল অপারেটর আমানত শাহ ও নিরাপত্তাকর্মী রজব আলী।
তাদের মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে ডেলটা সিএনজি ফিলিং ষ্টেশনে একটি গাড়িতে (ঢাকা মেট্রো খ-১১-৪৬০৫) গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় গাড়িটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এর যন্ত্রাংশ এবং ফিলিং স্টেশনের কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে কেপে ওঠে চারপাশের এলাকা। আশপাশের লোকজন দৌঁড়ে এসে দেখেন অপারেটর শামিমের রক্তমাখা লাশ পড়ে রয়েছে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান তিনি।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।