মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাবাকে না পেয়ে মেয়েকে গুলি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবাকে না পেয়ে তিন বছরের শিশু মেয়েকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ মেয়েটি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর সেনের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেনের চকপাড়া গ্রামে ব্যবসায়ী হায়দার আলীর বাড়িতে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে হায়দার আলীকে গুলি করলে লক্ষভ্রষ্ট হয়ে এটি তার শিশু সন্তান ইকরার পায়ে লাগে। পাশের রুমে অবস্থানকারী হায়দার আলী গুলির শব্দ শুনে চিৎকার শুরু করে। এলাকাবাসী ছুটে এলে দুর্বিত্তরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ইকরাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু ইকরার বাবা হায়দার আলী জানান, আমার শয়ন কক্ষে আমি ছিলাম না। আমাকে মারতে এসে আমাকে না পেয়ে মেয়েকে গুলি করেছে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিশুটির পায়ে গুলি লেগেছে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজ হবার দুই দিন পর সজীব (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি মনিরুজ্জামান জানান, গত বুধবার ধানীখোলা এলাকার শফিকুল ইসলামের আট বছর বয়সী শিশু পুত্র সজীব নিখোঁজ হয়। এরপর শুক্রবার বিকালে ধানীখলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ধান ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/15-04-2016/মইনুল হোসেন