মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অপহরণের পর ব্ল্যাকমেইল করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
অপহরণের পর ব্ল্যাকমেইল করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

দিনাজপুরে এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ করা হয়। পরে এক নারীর সাথে অশ্লীল ভঙ্গিতে মোবাইল ফোনে ছবি উঠিয়ে পরিবারের কাছে দুই লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়। এমন মামলায় এক নারীসহ ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এক নারীসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও মুক্তিপণের ১ লক্ষ ৫০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি বাজাজ ডিসকোভার ১৩৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুন অর রশিদ ওরফে হারুন (২৬), দিনাজপুর সদর উপজেলার মালিগ্রাম দীঘি পাড়ার রফিউদ্দিন আহমেদের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে শিমুল (৩২), ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর (বর্তমান ৮নং নিউটাউন মৌসুমী বেগমের ভাড়া বাসা) গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজলকে (২৭)।

এই ঘটনায় ভিকটিম মোবারক হোসেন নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ ও অশ্লীল ছবি তুলে ফেসবুকে আপলোড করার হুমকিসহ বিভিন্ন ধারায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, এই অপহরণকারী একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা শহরের বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ ও বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। কোন একটি জায়গায় আটক রেখে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ছবি উঠিয়ে ব্ল্যাাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। আটককৃত এই ব্ল্যাকমেইলকারী ও অপহরণকারীদের কাছ থেকে আরও তথ্য-উপাত্ত উদঘাটন করার জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করবেন বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।