ঝিনাইদহ উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল বাতিল
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল বাতিল করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মোঃ সামছুল আলম তফসিল বাতিল করে ১৩ এপ্রিল তার দপ্তরের ১৭৩ নং স্মারকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসারকে চিঠি দিয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন ঝিনাইদহ সদর পৌরসভার সাথে সীমানা নিয়ে আগে থেকেই জটিলতা ছিল। বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে লিখিত ভাবে অবহিত করা হয়। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন স্থগিত করে তফসিল বাতিল করার এ আদেশ জানানো হয়েছে তাকে।
আগামী মাসের ৭ তারিখে ইউনিয়নটির নির্বাচন হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন অফিসারের অফিস সুত্রে জানা গেছে ইতোমধ্যে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জে এম রশিদুল আলম নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, পরবর্তীতে নতুন করে সীমানা গেজেট ভুক্ত করে পুন:তফশীল ঘোষনা করে অনুষ্ঠিত হবে এ ইউনিয়নের নির্বাচন। নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান কবির হোসেন কেবি ও তার পরিষদ দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/15-04-2016/মইনুল হোসেন