মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফেনীতে দুই ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ফেনীতে দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ফেনী অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের জিয়াউর রহমানের গৃহকর্মী পারভীন আক্তার (২২) মুহুরী সেচ প্রকল্প এলাকায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে চর সোনাপুর এলাকার আবদুল মজিদের ছেলে সেলিমসহ ৭/৮ জন তাকে পাশের ঝোপে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে দুই দিন পর ওই গৃহকর্মী বাথরুমে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। এ ঘটনায় গৃহকর্তা জিয়াউর রহমান বাদী হয়ে সেলিম ও পারভেজসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা করেন। ওই মামলায় সোনাগাজী থানার উপ-পরিদর্শক মোঃ মাঈনুল হোসেন তদন্ত শেষে সেলিম ও পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করে। ওই মামলার শুনানি শেষে আজ সোমবার আদালত সেলিম ও পারভেজকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা প্রদান করেন। একই সঙ্গে অপর তিনজনকে খালাস দেয় আদালত।

ফেনী জজ আদালতের এপিপি ফরিদ আহাম্মদ হাজারী সেলিম ও পারভেজের কারাদণ্ড ও তিনজনের খালাসের সত্যতা স্বীকার করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/18-04-2016/মইনুল হোসেন