বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় বিজিবির তীব্র প্রতিবাদ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর আড়াই টায় বিএসএফ-বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। আগামিতে এ রকম ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তারা সজাক থাকবে-এমন প্রতিশ্রুতি দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি জামালরপুর ব্যাটায়িনের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাকিবুল হাসান রাকিব এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ পানবাড়ির কমান্ডিং অফিসার কর্নেল রাজা পাল।
প্রসঙ্গত, গতকাল রবিবার রাতে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৬২ এর কাছে ভারত থেকে গরু নামানোর সময় ভারতের কুচনিপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বিনা কারণে গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয় মনছের আলী (৪৩) নামে এক বাংলাদেশি শ্রমিক।
তবে তাকে হাসপাতালে নেওয়ার আগেই প্রচুর রক্ত ক্ষরণের কারণে মারা যান তিনি। মনছের আলীর বাড়ি উপজেলার বামনেরচর পশ্চিম পাড়া। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/18-04-2016/মইনুলন হোসেন