২৭ বছর পালিয়েও রক্ষা পেলেন না কামাল
ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৭ বছর পলাতক থাকা আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল উপজেলার পুরুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ১৯৯৬ সালে কামাল হোসেন তার বাবার সঙ্গে ভরাডোবা বাজারে একটি রাইস মিলে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় তিনি সুরাইয়া খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই কামাল-সুরাইয়ার পারিবারিক কলহ চলছিল। ১৯৯৬ সালের ১৫ মার্চ সুরাইয়া নিখোঁজ হন।
তিনি বলেন, নিখোঁজের সাত দিন পর ওই বছরের ২২ মার্চ ভালুকা উপজেলার পুরুড়া নারাংঙ্গীপাড়ায় কুদ্দুস মিয়ার বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ভেতর বস্তাবন্দি অবস্থায় সুরাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুরাইয়ার বাবার করা মামলায় ২০১৯ সালের ২১ জুলাই আদালত পেনাল কোডের ৩০২ ধারায় আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। এছাড়া পেনাল কোডের ২০১ ধারায় তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, কামালকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।