ঈশ্বরগঞ্জে মসজিদে নামাজ পড়ার সময় ভাইকে ‘কুপিয়ে হত্যা’!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম (৩৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার দুই ভাই জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ শুক্রবার ফজরের নামাজের সময় উপজেলার চরপুবাইল গ্রামে এই ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার এসআই আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
নজরুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের মেঝ ছেলে। এই ঘটনার পর তার দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আব্দুল কাদির বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের তিন ছেলে। এর মধ্যে নজরুলের সঙ্গে অন্য দুই ভাই লিটন ও সেলিমের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, শুক্রবার ভোরে সেহরি খেয়ে নজরুল এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষ হওয়ার আগেই লিটন ও সেলিম পেছন থেকে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান। নামাজ পড়তে আসা অন্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুই ভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।