মোটরসাইকেল পারাপারে বিশেষ ফেরি
মুন্সীগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুরের জাজিরা নৌরুটে মোটরসাইকেল পারাপারে ফেরি চালু করা হচ্ছে। আজ সোমবার দুপুরে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারের জন্য ভোলা থেকে দুটি ফেরি আনা হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল শুরু করবে।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেকে ট্রাক-পিকআপে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হন। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষের জন্য বিকল্প এ ব্যবস্থা চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় ১০ মাস পর এই নৌরুটে ফেরি চলাচল শুরু করার জন্য দুই ঘাট ও পন্টুন সংস্কার করেছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি সূত্রে আরও জানা গেছে, একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুইটি ফেরি চলবে। ভাড়া পড়বে ১৫০ টাকা। এদিকে, দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ময়লা–আবর্জনা জমে ছিল। ফেরি চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর সংযোগ সড়ক ও পন্টুন সংস্কার করা হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝি ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি ফেরি ভোলা থেকে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ নৌরুটে দুটি ফেরি চলবে। ঈদের পরও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চলবে। তবে তা কত দিন থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।