মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জামালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ডেস্ক রিপোর্ট ১০২ বার পঠিত ১ মিনিটের পাঠ
জামালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সিমান্ত ইসলাম (৭) ও একই এলাকার শুক্কর আলীর ছেলে মিনাল মিয়া (৮)। তারা দুজনেই সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন পলবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তারা দুজন বাড়ির পাশে খানপাড়া নামকস্থানে পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুরের পানি থেকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানোয়ারা বেগম বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল’।