মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নরসিংদীতে ‘চোর’ সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
নরসিংদীতে ‘চোর’ সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন নামে অপর এক কিশোর।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন ওই দুই কিশোরকে আটক করেন। পরে চোর সন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, মাদকের ব্যবসা দেখে ফেলায় অভিযুক্তরা রাজনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এর বিচার দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত পলাতক। পুলিশ তদন্ত করে দেখছে কী কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।