‘বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আ. লীগ করে না’
দেশের জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঢাকা-১৭ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।’
মন্ত্রী বলেন, ‘চিত্রনায়ক ফারুক ছিলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল ও অনড় পাথরের মতো। তিনি তার আদর্শ থেকে কখনো একচুলও ছাড় দেননি।’
সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ-মির্জা ফখরুলের এমন দাবির প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) মনে করছেন যে পশ্চিমারা তাকে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে এবং সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিযোগ করছেন। আওয়ামী লীগের এসব নেই।’
শেখ হাসিনার কোনো লবিস্ট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন,‘এখানে ওই যে বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এমন মানসিকতা যার, সে বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবে এটা মনে করার কারণ নেই।’
এ সময় দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ফারুকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।