যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্যই এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে: নাসিম
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও দেশকে অস্থিতিশীল করতেই একটি মহল ধারাবাহিক ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
আজ বৃহষ্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, সরকারকে বিপর্যস্থ, দেশকে অস্থিতশীল এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের চাপ সৃষ্টির জন্যই এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে। একাত্তরের ঘাতকদের লালনকারীরা দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনৈতিক অবস্থাকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে দেশে হত্যাকান্ড চালাচ্ছে।
তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়েছে, তারপরও তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। তাই তারা সরকারকে বিপর্যস্থ করার জন্যই ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। শেখ হাসিনা অত্যন্ত দক্ষ রাষ্ট্রনায়ক উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তাঁর সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। তিনি ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/28-04-2016/মইনুল হোসেন