দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে : মির্জা ফকরুল
মৃুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সেই ব্রিটিশ আমল থেকে এত খারাপ নির্বাচন মনে হয় এ দেশের মানুষ দেখেনি। এই শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেনি, সমগ্র নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পতিভাবে পুরোপুরি ধ্বংস কর দিয়েছে।’ শনিবার রাতে ঠাকুরগাঁও পৌর বিএনপির বর্ধিত সভায় এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।
ফখরুল বলেন, ‘বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আপোশ করে না। জিয়াউর রহমানের মতো স্বাধীনতার পতাকা নিয়ে আন্দোলন করছেন খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করছেন।
তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি। হ্যাঁ, আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, তবে গণতন্ত্রের জন্য আপোশ করব না।
পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার কাজ করছে, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মামলা দিয়ে কীভাবে খালেদা জিয়াকে অন্তরীণ করা যায় সে পরিকল্পনা করছে সরকার। ষড়যন্ত্র শুরু হয়েছে। যা কিছু ঘটে বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে।
তিনি বলেন, বিএনপি নেই বলে আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেয়, অথচ প্রতিটি বক্তব্যে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ভিন্নমত পোষণকারীদের হত্যা করছেন আপনারা। অথচ বিএনপিকে দোষারোপ করেন।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি করে তিনি আরো বলেন, আমাদের দেশে রাজনীতি থাকবে কিন্তু ষড়যন্ত্র থাকবে না, এটা কখনো সম্ভব নয়। আর এই ষড়যন্ত্র মোকাবিলা করাই হলো রাজনীতিবিদের কাজ। সরকার নিজে নিরাপদে থাকতে ও প্রতিবেশী ভারতের স্বার্থে বেগম জিয়াকে কোণঠাসা করে রাখতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের দলের মধ্যে কিছু নেতা ভারতপ্রেমী হতে চায়। ভারতপ্রেমী হয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আমি তা ঘৃণা করি। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব রাখা দরকার, কিন্তু তা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। ভারতপ্রেমী হয়ে এই সরকার ক্ষমতায় আছে। তারা ক্ষমতায় থাকতে চায়। তাদেরকে ভারতপ্রেমী হয়ে ক্ষমতায় থাকতে দিন।
সভায় আরো বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।
মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকম/ ০৪-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহমান