প্রস্তাবিত বাজেট গণবিরোধী : বামমোর্চা
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ২০১৬-১৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বামমোর্চার নেতারা।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ মন্তব্য করেন।‘করবৃদ্ধি , লুটপাট, অপচয়, ও ধনীর স্বার্থের বাজেট মানি না এবং রোজার অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করো’- এই প্রতিপাদ্য বিষয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, আমরা গণবিরোধী এই বাজেট মানি না। এই বাজেটে কৃষক, শ্রমিক ও দিনমজুরদের স্বার্থ উপেক্ষিত। এ বাজেটে কৃষকের কোনো স্বার্থ নেই। এটা ধনীর স্বার্থ সংশ্লিষ্ট বাজেট।
তারা বলেন, সরকার শুধু ধনীর কথা ভাববেন, আর গরীবের কথা চিন্তা করবেন না, এটা হতে পারে না। বাজেটে ধনীর স্বার্থ দেখার পাশাপাশি গরীবের কথাও সরকারের ভাবা উচিত।
বক্তারা বলেন, গরীবদের কথা চিন্তা না করে বাংলাদেশের মত গরীব রাষ্ট্রে এ ধরনের বাজেট বেমানান।
বক্তারা আরো বলেন, অনেক টাকা ঘাটতি দেখিয়ে বাজেট পেশ করা হয়েছে। কিন্তু ঘাটতি কীভাবে পূরণ হবে তার কোনো সুনির্দিষ্ট উল্লেখ করা হয়নি।
বক্তারা বলেন, সরকার বলেছিল রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। কিন্তু রমজানের আগেই দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তারা দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গণতান্ত্রিক বামমোর্চার ভারপ্রাপ্ত সমন্বয়ক মানস নন্দীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাইফুল হক, আব্দুস সাত্তার, জুনায়েদ সাকী, মো. সবুজ, মহিউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকম/ ০৫-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহামন