প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের অভিযোগ করেন, একটি পক্ষ ‘আন্দোলনে ব্যর্থ হয়ে’ সরকার হটাতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।
সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ সনদ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জনপ্রশাসনমন্ত্রী আশরাফ।
তিনি বলেন, বাঙ্গালীর মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা অপরাধীদের ধরতে অভিযানও করছে।
সুশাসনের পূর্বশর্ত সেবামুখী ও জনমুখী সিভিল সার্ভিস উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে কর্মকর্তাদের সরকারের নীতি নির্ধারণে সহায়তার পাশাপাশ তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান সৈয়দ আশরাফ।
অনুষ্ঠানে ছয় মাস মেয়াদী কোর্স সম্পন্নকারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৫৪৫ জন নবীন কর্মকর্তাকে সনদ ও ‘মেরিট মেডেল’ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রী।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, বিপিএটিসির রেক্টর আ ল ম আবদুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিপিএটিসির পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনায় বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈর্ষান্বিত’ একটি পক্ষ ‘আন্দোলন করে ব্যর্থ হয়ে’ সরকার হটানোর জন্য চোরাগুপ্তা হামলা করছে।
দুই বছর চট্টগ্রাম গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালনকালে জঙ্গি দমন তৎপরতায় দক্ষতার জন্য প্রশংসিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু গত রোববার নগরীর জিইসি মোড় সংলগ্ন ওআর নিজাম রোডে সন্ত্রাসী হামলায় নিহত হন।
সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে মোটরসাইকেলে আসা তিন যুবক কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করে।
ওই হামলাকে ‘অত্যন্ত পরিকল্পিত’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং দুর্বল করার জন্য।”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় জানান, ঈদের আগে মহাসড়কের পাশে দোকান-পাট বসিয়ে রাস্তা দখল এবং তিন চাকার কোনো যানবাহন মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না।
রাজধানীতে নতুন অটোরিকশা নামানোর পরিকল্পনায় মন্ত্রণালয়ের নৈতিক সমর্থন নেই জানিয়ে তিনি বলেন, হাই কোর্টের নির্দেশনায় পাঁচ হাজার অটোরিকশায় নামানোর বিষয়য়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মতামত চাওয়া হয়েছে।