জঙ্গি দমনে ‘সাঁড়াশি’ অভিযানের মাধ্যমে সরকার রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে
মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ জঙ্গি দমনে ‘সাঁড়াশি’ অভিযানের মাধ্যমে সরকার রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এই বামপন্থি নেতার মতে, চলমান অভিযানের ‘নিরানব্বই’ ভাগই গলদ।
মঙ্গলবার ঢাকায় এক মতবিনিময় সভায় খালেকুজ্জামান বলেন, “সরকার জঙ্গি খুঁজতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। পুলিশ জঙ্গি খুঁজছে আর সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
“এই হয়রানির মানে কী? এত লোক গ্রেপ্তার করল, কয়জন জঙ্গি পেল সরকার? তার মানে এই অভিযানের মাধ্যমে সরকার কোনো রাজনৈতিক ফায়দা খুঁজছে।
“গ্রেপ্তার হওয়া একশ লোকের মধ্যে একজন যদি জঙ্গি থাকে তাহলে নিরানব্বই জন্য সাধারণ মানুষ। এক কথায় বলা যায়, সরকারের এই অভিযানে নিরানব্বই ভাগ গলদ আছে।”
গত প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে মুক্তমনা লেখক, অধ্যাপক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী মুসলিম খুন হয়েছেন, যাতে জঙ্গিদের হাত রয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।
এর মধ্যে গত ৫ জুন চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ র্কমর্কতা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার ‘সাঁড়াশি অভিযানের’ সিদ্ধান্ত আসে।
শুক্রবার থেকে দেশজুড়ে চলা সাঁড়াশি অভিযানের প্রথম চার দিনে পুলিশ মোট ১১ হাজার ৩০৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে, যাদের মধ্যে ১৪৫ জন সন্দেহভাজন জঙ্গি সদস্য।

চলমান অভিযানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও বিএনপি বলছে, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে অভিযানের মাধ্যমে সরকারবিরোধীদের দমন করা হচ্ছে।
তবে খালেকুজ্জামান মনে করছেন, এই অভিযানে মূলত ‘সাধারণ মানুষ’ হয়রানির শিকার হচ্ছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার যুগপূর্তি এবং দেশের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে এই মতবিনিময় হয়।
সভায় দৈনিক প্রতিদিনের সম্পাদক আবু সাইদ খান বাম নেতাদের সমালোচনা করে বলেন, “শ্রেণি বিভেদের কারণে বাম রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে যাচ্ছে। যার ফলে বাম শক্তি কমে যাচ্ছে। এর দায়ভার বাম নেতাদেরই নিতে হবে।”
জঙ্গিবাদ, মৌলবাদ এখন মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘বাসা বাঁধছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বক্তব্য দেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৪ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান