পাকিস্তানী বাহিনী আমার মাকে গুলি করে হত্যা করেছে : লুতফুন ভূঁইয়া
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
১৯৭১ সালের ১১ই জুন, পাকিস্তানী বাহিনী আমার মাকে গুলি করে হত্যা করেছে । আমার মায়ের হত্যার বিচার হয়নি আরও ৩০ লক্ষ শহীদের মত। বিনা বিচারে এরকম অগণিত সাধারণ মানুষ জীবন দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে ।
না, পাকিস্তান এসব সাধারণ মানুষকে হত্যা করে আজ অবধি ক্ষমা চায়নি । তাই,আমাদের কাছে আজ- কাল- পরশু, সারাজীবন পাকিস্তান একটি খুনী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে।
প্রতিদিন আমার মন একটি প্রশ্ন করে ,আমার মাকে তারা কেন হত্যা করেছে ?
কি ছিল তার অপরাধ ?
আমি একটি মা হারা সন্তান। এখনও প্রতিদিন আমি আমার মাকে খুঁজি । যখন কোথাও খুঁজে পাইনা আমি মাকে , তখন আমি আমার বাংলাদেশকে মা ডাকি ,তার স্বাধীনতাকে মা ডাকি , তার উন্নয়নকে মা ডাকি ,তার যে কোন বিজয়কে আমি মা ডাকি , তার কষ্টকেও আমি মা ডাকি ।
তোমাদের কাছে বিনীত অনুরোধ আমার এই বাংলা মাকে কেউ নষ্ট কর না। কারণ ৩০ লক্ষ শহীদের প্রাণ এর মধ্যে লুকিয়ে আছে। মনে রেখ , ” মা মাটি , ভীষণ খাঁটি”।
এই পুকুরের (পুকুরের ছবিটি দেয়া হয়েছে) এক কোনায় আমার মা আমাদের নিয়ে লুকিয়েছিলেন ১৯৭১ এ যখন পাক বাহিনী আমাদের বাড়ি আক্রমণ করে। তবুও শেষ রক্ষা হয়নি ওরা আমাদের উপর গুলি বর্ষণ করে আর তখনি আমার মা এই পুকুর পাড়ে মাটিতে লুটিয়ে পড়ে পাক বাহিনীর গুলিতে।
সূত্রঃ গেরিলা ৭১
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০৬-২০১৬ইং/ অর্থ