মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মারা গেল যশোরে জন্ম নেওয়া জোড়া লাগানো মেয়ে শিশু দুটি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

জন্মের চার দিনের মাথায় মারা গেল যশোরে জন্ম নেওয়া  জোড়া লাগানো পূর্ণাঙ্গ মেয়ে শিশু দুটি। সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যায়।

 

মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর খবর নিশ্চিত করেন বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী। এর আগে রোববার বিকেলে শিশু দুটিকে নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী বলেন, শিশুর ইনফেকশন ও জন্ডিস ছিল। জোড়া লাগানো শিশুর যে ধরনের জন্ডিস ছিল তা খুবই মারাত্মক। এই কারণে হয়ত ‘লিভার ফেল’ করেছে। সেই সঙ্গে হয়ত ‘হার্টও ফেল’ করেছে। একটা শিশুর ‘হার্ট ফেল’ করার সঙ্গে সঙ্গে আরেকটি মারা যায়।

 

তিনি জানান, জোড়া লাগানো শিশু দুটির মৃতদেহ নিয়ে তাদের দাদা মো. শামসুর রহমান যশোরে চলে গেছেন।

 

চিকিৎসকরা বলছেন, মেয়ে শিশু দুটি পূর্ণাঙ্গ জোড়া শিশু। একটি শিশুর সঙ্গে আরেকটির বুক ও পেট জোড়া লাগানো ছিল। বাকি সব পৃথক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জোড়া লাগানো পূর্ণাঙ্গ দুটি শিশুকে বলা হয় ‘কনজয়েন্ড টুইন’।

 

গত ১৭ জুন যশোরের চোগাছার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের কামরুজ্জামান মন্টু হোসেন ও রিনা খাতুন (৩৫) শিশু দুটির বাবা-মা।

 

জন্মের পর ওই দিন সকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু দুটিকে। সেখান থেকে রোববার বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়।