হাজারীবাগে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ
মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ হাজারীবাগে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগে এনজিও কর্মকর্তা সাইফুল ইসলাম মুরাদ (৩০) কে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে এটি আসলে ছিনতাই, না অন্য বিষয় আছে- তা খতিয়ে দেখা হচ্ছে।
হাজারীবাগ থানা অফিসার্স ইনচার্জ ( ওসি) মীর আলীমুজ্জামান বলেন, গুলি করে ছিনতাই করা হয়েছে। এটি ছিনতাইয়ের ঘটনা, না অন্য কোনো কারণ আছে- তা এখন তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ছিনতাইকারীরা গুলি করলে তার শরীরের অন্য কোথাও লাগতে পারত। কিন্তু তা হয়নি। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
গুলিবিদ্ধ মুরাদের সহকর্মী শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ধানমন্ডির একটি ব্যাংক থেকে টাকা তুলে অফিসের প্রাইভেটকারে কামরাঙ্গীরচরে ফেরার সময় হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি মোড়ে দুটি মোটরসাইকেলে চারজন তাদের গতিরোধ করে। পরে মুরাদের ডান পায়ের উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। মুরাদ কামরাঙ্গীরচরের এমএসএফ নামের একটি এনজিওর প্রশাসনিক কর্মকর্তা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান