মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় ডাক্তারের ভুল অপারেশনের কারণে সুমী আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে জেলার চান্দিনা উপজেলা সদরের জননী মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।

এদিকে এ খবর পেয়ে ওই হাসপাতালে উৎসুক জনতা ভিড় করলে হাসপাতালের ছাদের একাংশসহ রেলিং ভেঙে অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়।

 

নিহত সুমী আক্তার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের বাগমারা গ্রামের কবির হোসেনের স্ত্রী।

সুমির ভাসুর আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সুমী আক্তারকে চান্দিনা উপজেলা সদরের জননী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বিকেল অনুমান ৩টায় অপারেশন থিয়েটারে ডাক্তার চন্দনা সাহা ও ডাক্তার জয়নাল আবেদীন তার অস্ত্রোপচার করেন। এ সময় ডাক্তারদের ভুলের কারণে নবজাতকের মাথা কেটে যায় এবং সুমীর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে আশংকাজনক অবস্থায় বিকেলে সুমী আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নবজাতকটিও আশংকামুক্ত নয় বলে তার অভিভাবকরা জানিয়েছেন।

এদিকে ওই খবর পেয়ে স্থানীয় লোকজন জননী মেডিকেল সেন্টারে ভিড় করে। এ সময় মানুষের চাপে হাসপাতালের ছাদের একাংশসহ রেলিং ভেঙে পড়ে। এতে অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখনো থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। মৃত্যুর বিষয়ে ডাক্তারদের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান