মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদা জিয়ার মদদেই দেশে গুপ্ত হত্যা চলছে’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ ইফতারি সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদিনই মিথ্যাচার করছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গুপ্ত হত্যার সাথে জড়িত বিএনপি জামায়াতের মুখোশ খুব শিগগিরই উন্মোচিত হবে।’

 

তিনি বলেন, ‘জনতার হাতে ধাওয়া খেয়ে গুপ্ত হত্যায় জড়িত শিবিরের এক নেতা গ্রেপ্তারের পর জনগণের সামনে বিএনপির মুখোশও উন্মোচিত হতে যাচ্ছে। খালেদা জিয়ার মদদেই দেশে গুপ্ত হত্যা চলছে।’

 

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতা-কর্মীদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।

 

এ সময় সাংবাদিকরা ‘দেশে সংগঠিত অপরাধমূলক সব ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশ জড়িত’ খালেদা জিয়ার এমন অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে  তিনি বলেন, ‘আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা ও  নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন, একটি নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন। গুপ্ত হত্যার মদদ দিয়ে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের এই ষড়যন্ত্রের বিচার করবে।’

 

কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রমজানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, প্রাক্তন পৌর মেয়র জিএম তালুকদার মধু, বর্তমান পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যুবলীগের লুৎফর রহমান, জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের শাহীন আলম ও আলী আসলাম প্রমুখ।

 

পরে তিনি কাজীপুরে নির্মাণাধীন শহীদ. এম মনসুর আলী অডিটোরিয়াম, ডাকবাংলো ও স্বাস্থ্য অধিদপ্তরের আইএইচটি ভবণ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

এ সময় স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক শাহিন হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এরপর সন্ধ্যায় তিনি জেলা প্রশাসন আয়োজিত সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে যোগ দেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৪ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান