মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।
নিহতদের মধ্যে কুড়িগ্রামের রাজারহাট এলাকার আরিফুর রহমান (৩৫) ছাড়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ফরহাদ বলেন, ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরের সামনে রংপুর থেকে ছেড়ে আসা আদর এন্টারপ্রাইজের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত বাসটি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৪-০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান