সাভারের সড়ক-মহাসড়কগুলোতে ঈদের চিরচেনা যানজট একদম নেই
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ সাভারের সড়ক-মহাসড়কগুলোতে ঈদের চিরচেনা যানজট একদম নেই। স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন।
ঢাকা-আরিচা মহাসড়ক কিংবা নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার এলাকায় কোথাও যানবাহনের জট নেই বললেই চলে। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কও কার্যত ফাঁকাই রয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে। দিনভর ভারি বর্ষণও হয়েছে সাভার ও আশুলিয়ায়।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, সাভার দিয়ে বয়ে যাওয়া সব মহাসড়ক বর্তমানে চার লেনবিশিষ্ট। সে হিসেবে এখানে যানজট না থাকাটাই স্বাভাবিক। কিন্তু ঈদের সময় যানবাহনের চাপ বৃদ্ধি পেলে কিছুটা যানজট দেখা দেয়। এ সময় গণপরিবহনের চালকরা বেশি যাত্রী পাওয়ার আশায় বাসস্ট্যান্ডগুলোতে গাড়ি থামিয়ে রাখে। আমরা তাদের এই সুযোগ দেইনি। ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, আর্মড পুলিশ ও রোভার স্কাউটের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দিনভর কাজ করেছে। আশা করি ঈদের আগের দিন পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।
ভারি বর্ষণের ফলে মহাসড়কগুলোতে কিছুটা গর্ত ও খানাখন্দ দেখা দিয়েছে জানিয়েছে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান জানান, সড়ক বিভাগের কর্মীরা মাঠেই রয়েছে। যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবেই দেওয়া হচ্ছে। মহাসড়কের কারণে যানজটে কাউকেই আটকা পড়তে হবে না।
তবে সাভার পাড়ি দিয়ে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষকে। চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সেই দুর্ভোগ পিছু ছাড়ছে না নারীর টানে বাড়ি ফেরা মানুষদের। চন্দ্রা ত্রিমোড়ের এই যানজটের ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকাতেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৫-০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান