জঙ্গি হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি ভীষণভাবে ব্যথিত, সংবর্ধনা স্থগিত
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিজ এলাকায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা স্থগিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান সোহাগের বরাত দিয়ে আবির বলেন, ‘গুলশানের বর্বরোচিত হামলার ঘটনায় ছাত্রলীগ গভীরভাবে মর্মাহত। এই নিদারুণ হৃদয়স্পর্শী ঘটনায় ছাত্রলীগ সভাপতি ভীষণভাবে ব্যথিত। তাই তিনি এই মুহূর্তে কোনো সংবর্ধনা গ্রহণ করবেন না। ছাত্রলীগ সভাপতি মনে করেন, এখন কোনো সংবর্ধনা গ্রহণ কিংবা উদযাপনের সময় নয়। বরং শোককে শক্তিতে পরিণত করে জনগণের পাশে থেকে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার সময়।’
প্রসঙ্গত, ঈদের পরদিন মাদারীপুর ইউআই স্কুলে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সংবর্ধনার পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।