মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খুলনার শতাধিক স্থানে ঈদ জামাতের প্রস্তুতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ৬ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ খুলনা মহানগরীর আবহাওয়া অনুকূলে নেই। গত কয়েকদিন ধরেই ঝরছে অবিরাম বৃষ্টি। যে কারণে নগরীর সার্কিট হাউজ ময়দানের প্রধান জামাত বাতিল করা হয়েছে।

অনুরূপ যেসব স্থানে খোলা ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেসব স্থানেও জামাত অনুষ্ঠান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় নগরীর লবনচরা থেকে বাদামতলা পর্যন্ত শতাধিক ঈদগাহ ময়দান ও মসজিদেই জামাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি ঈদগাহ ময়দানের জন্য ১০ জন করে সশস্ত্র পুলিশ প্রহরা থাকবে বলে কেএমপি কর্তৃপক্ষ জানিয়েছে।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সূত্র জানায়, খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি বাতিল করা হয়েছে। তবে খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই স্থানে সকাল নয়টায় দ্বিতীয় জামাত এবং ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোর্ট জামে মসজিদেও সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও যেসব স্থানে জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- নগরীর বড়বাজার স্টেশন রোড জামে মসজিদ, মির্জাপুর ইউসুফিয়া জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, ফরাজিপাড়া বায়তুল আমান জামে মসজিদ,  ইসলামপুর রোড জামে মসজিদ, মুসলমানপাড়া তালাবওয়ালী জামে মসজিদ, নিরালা জামে মসজিদ, খুলনা আলিয়া কালিম মাদ্রাসা জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, পূর্ববানিয়া খামার খাদেমুল ইসলাম জামে মসজিদ, মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, কাস্টমঘাট জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, খানজাহান নগর জামে মসজিদ, টুটপাড়া সেন্ট্রাল রোড জামে মসজিদ, মতি জামে মসজিদ, মক্কি জামে মসজিদ, হাজি মহসিন রোড রহমানিয়া জামে মসজিদ, টিএন্ডটি জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, জিন্নাহপাড়া হযরত আবু বকর জামে মসজিদ, বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স, লায়ন্স স্কুল ময়দান, কেডিএ জামে মসজিদ, সোনাডাঙ্গা বাস টার্মিনাল জামে মসজিদ, সবুজবাগ জামে মসজিদ, সোনাডাঙ্গা তালিমুল মিল্লাত (রহ.) জামে মসজিদ ঈদগাহ, সিএন্ডবি কলোনি, বাগানবাড়ি জামে মসজিদ, শেখপাড়া আস্তানা জামে মসজিদ, জিন্নাহ জামে মসজিদ, খানজাহান নগর খালাসি মাদ্রাসা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ ময়দান, ইসলামবাগ জামে মসজিদ, বানরগাতি বায়তুন নূর জামে মসজিদ, বায়তুল মেরাজ জামে মসজিদ, সিদ্দিকীয় জামে মসজিদ ময়দান, সোলায়মাননগর জামে মসজিদ ময়দান, আন্দিরঘাট জামে মসজিদ, সোনাডাঙ্গা বায়তুল মোকাররম জামে মসজিদ, বয়রা ক্রস রোড ঈদগাহ জামে মসজিদ, বড় বয়রা রুস্তমিয়া জামে মসজিদ, হাফিজনগর দারুল বারাকাত জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, সোনাডাঙ্গা খাঁবাড়ি ঈদগাহ ময়দান, দারুস সালাম জামে মসজিদ, বায়তুন নাজাত জামে মসজিদ, কাশিপুর ঈদগাহ জামে মসজিদ, খুলনা পলিটেকনিক ঈদগাহ ময়দান, খালিশপুর পিপলস জুটমিল ঈদগাহ ময়দান, উত্তর মুজগুন্নি ঈদগাহ ময়দান, বায়তুল এহসান জামে মসজিদ, মুজগুন্নি নেছারিয়া জামে মসজিদ ময়দান, বয়রা হাউজিং স্টেট জামে মসজিদ, নয়াবাটি ঈদগাহ ময়দান, প্লাটিনাম জুবলি জুট মিলস জামে মসজিদ, বায়তুল ফালাহ জামে মসজিদ, নিউজপ্রিন্ট মিলস কেন্দ্রীয় জামে মসজিদ, মহেশ্বরপাশা দিঘিরপাড় পূর্বপাড়া জামে মসজিদ, সাহেবপাড়া বায়তুল করিম জামে মসজিদ, মহেশ্বরপাশা বায়তুশ শরীফ জামে মসজিদ, পাবলা কারিকরপাড়া প্রাথমিক বিদ্যালয় ময়দান, দৌলতপুর ইদগাহ ময়দান, খালিশপুর ইদগাহ ময়দান, খানজাহান আলী জব্দিপুর ঈদগাহ জামে মসজিদ, কেবল শিল্প জামে মসজিদ, কুয়েট জামে মসজিদ, আলিম জুট মিলস জামে মসজিদ, আড়ংঘাটা ঈদগাহ ময়দান, নূরাণী জামে মসজিদ, তেলিগাতি ফকিরপাড়া ঈদগাহ ময়দান, গাইকুড় ঈদগাহ ময়দান, লবনচরা বাইপাস সড়ক ঈদগাহ, মতিয়াখালি জামে মসজিদ, মোহাম্মাদিয়া জামে মসজিদ, বাবরি জামে মসজিদ, বড়খালপাড় আল-আমিন জামে মসজিদ, হরিণটানা ইসলামনগর খাদিজাতুল কোবরা (রা.) জামে মসজিদ, বোখারীয়া জামে মসজিদ ও কাজী নজরুল ইসলাম চত্বর (জিরো পয়েন্ট) ঈদগাহ ময়দান।

কেসিসির নির্বাহী প্রকৌশলী-২ মো. লিয়াকত আলী খান জানান, ঈদুল ফিতরের জামাত আদায়ের জন্য মুসল্লিদের স্বাগত জানিয়ে মহানগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে অস্থায়ী গেট নির্মাণ করছে খুলনা সিটি করপোরেশন।

জেলা প্রশাসনের সূত্র জানায়, ঈদের দিন নগরীর সব সরকারি/আধা-সরকারি/বেসরকারি/স্বায়ত্ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ চত্বর/সড়কদ্বীপ জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবি) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদের দিন বিকেলে খুলনার শিশু পার্ক দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।  সুবিধাজনক সময়ে জেলা ক্রীড়া সংস্থা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল, জেলা শিল্পকলা একাডেমি অফিসার্স ক্লাবে ঈদ পুনর্মিলনী এবং জেলা শিল্পকলা একাডেমি সুবিধাজনক সময় ও স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু আনন্দমেলার আয়োজন করবে।

কেএমপির মুখপত্র শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

এ ছাড়া ঈদুল ফিতরের সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক/ড্রাম বাজানো, লাল রঙের পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৫-০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান