বড়াইগ্রামে মাইক্রোবাস খাদে : ছাত্রলীগ নেতাসহ নিহত ২
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মণ্ডল মেহেদী হাসান ও তার গাড়ির চালক শাহাবুদ্দিন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আরো চারজন এখন এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসযোগে তারা গুরুদাসপুর থেকে নাটোর শহরের যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার নাটোরণ্ডঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ছয়জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় মণ্ডল মেহেদী হাসানকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। নাটোর সদর হাসপাতালে আনার পর চিকিৎসক মণ্ডল মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৭- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান