মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রোববার কুড়িগ্রাম, পঞ্চগড়সহ অন্য জেলার বিলুপ্ত ছিটমহলে তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়।
দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাসিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল গত বছরের ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। এর বাসিন্দারাও বাংলাদেশের নাগরিক হয়ে যান।
একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার বলেন, ১১১ ছিটমহলের ৩৭ হাজার ৫৩৫ জনকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করা হচ্ছে।
“ঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। ছবি তোলা ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলবে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।
“খসড়া তালিকা প্রকাশ করা হবে ১ অগাস্ট।”
ভোটার তালিকা নিয়ে দাবি, আপত্তি এবং শুনানি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা ৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলে বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তথ্য সংগ্রহের কাজ রোববার সকালে শুরু হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান জানান, জনবসতি আছে এমন এলাকাগুলোতে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। এজন্য পঞ্চগড় সদর, দেবীগঞ্জ ও বোদা উপজেলায় ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রোববার ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকার কাজ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার, ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা খান, আলতাফ হোসেনসহ ভোটার কাজে নিয়োগপ্রাপ্ত তিন জন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রকারী।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ১০ জুলাই থেকে ১৬ জুলাই তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে ২ নম্বর তথ্য ফরম পূরণ করবেন। পরে সেই অনুযায়ী রেজিস্ট্রেশন সেন্টারে ছবি তোলা ও বায়োমেট্রিক্স পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে ১৭ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে।
নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমার মধ্যে সব কাজ শেষ করার আশা করছেন তিনি।
ফুলবাড়ীর ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, “দাসিয়ারছড়ার যারা আপাতত ভোটার হতে পারবেন না তারা আবেদন করলে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে তাদের আবেদন পাঠিয়ে দেওয়া হবে। বিষয়টি মানবিক।”
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান