বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাই না : কাদের সিদ্দিকী
তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিলে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাই না বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজিত ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ রাব্বুল আলামীন আমাকে যদি জামায়াতের সঙ্গে বেহেশতে নিতে চান, আমি তাদের সঙ্গে বেহেশতেও যাব না। আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র,তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপি'র নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না। যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে আসে ততক্ষণ না পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তিনি করতে পারবেনা। এতে যদি আমার ফাঁসিও হয়, আমি সেখানেও এ মন্তব্য করব। তারপরও কোনোভাবে বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেব না।
এ সময় আ স ম আব্দুর রবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের (বিএনপির)নেতৃত্ব দেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে আছি।
তিনি বলেন, আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এই নির্বাচনে আমি একজন পরাজিত সৈনিক। আমার ধারণা ছিল এই নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের নেতাকর্মীদের অর্ধেকও এই নির্বাচনে ভোট দিতে যায়নি।
তিনি বলেন, আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসেনি। বর্তমানের আওয়ামী লীগ ভাষানী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সেইজন্যে দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জেএসসির সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।