মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাসপোর্ট অফিসে দালালি: ৪ জনের কারাদণ্ড ‍দিয়েছে আদালত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ গ্রাহকদের হয়রানি ও টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বর থেকে চার দালালকে আটক করেছে র্যাব-৫। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকা থেকে তাদের আটকের পর এই দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের লালমনিপুর এলাকার সাইফুল ইসলাম, ভাটোদাড়া এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু সরদার ও শাওন সরদার এবং আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক।

র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় গ্রাহকদের হয়রানি করাসহ টাকা-পয়সা হাতিয়ে নেয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হয়। প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৪- ০৭-২০১৬ ইং/মো:হাছিব