জঙ্গি দমনে মাঠে নামছে বিএনপি
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ সম্প্রতি দেশে একের এক হত্যাজজ্ঞ চালিয়ে নিজেদের শক্তির কথা জানান দিচ্ছে জঙ্গিরা। দেশব্যাপী জঙ্গিবাদের এই উত্থানের প্রেক্ষাপটে ২০ দলীয় জোটের শরিক দলগুলোসহ ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি।
গত বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এবং পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এরপর তিনি বৃহস্পতিবার রাতে বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন।
জানা যায়, বুধবারের ওই বৈঠকে সম্প্রতি সংঘটিত গুলশানের ক্যাফে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় বন্দুকধারীদের হামলার ঘটনাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় কনভেনশন, জেলা ও মহানগরে সন্ত্রাসবিরোধী সমাবেশ, সেমিনার, মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয়। এসব কর্মসূচি শিঘ্রই জোট প্রধান ঘোষণা করবেন বলেও জানা গেছে।
এদিকে জঙ্গিবাদ নির্মুলে এক সংবাদ সম্মেলনে সবাইকে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে সরকার থেকে বলা হচ্ছে, জামায়াত ‘জঙ্গি’ দল আর এই জঙ্গি দলের সাথে বিএনপিও রয়েছে। তাই খালেদা জিয়ার এই ঐক্য হাস্যকর।
খালেদা জিয়ার প্রস্তাবে সরকার সাড়া না দিলেও শরীক দলগুলোকে নিয়ে জঙ্গিবাদ ইস্যুতে মাঠে থাকতে চায় বিএনপি। এজন্য বুধবারের বৈঠকে নানা কর্মসুচি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে জোটের শরীক দলগুলো ছাড়াও অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ও আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, বিএনপি সবসময় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আসছে। দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সবাইকে নিয়ে মাঠে থাকবে বিএনপি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৫- ০৭-২০১৬ ইং/মো:হাছিব