হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক কার্টন পুরাতন র্যাম ও ২৫ পিস নেটওয়ার্ক জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক (র.) বিমান বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক কার্টন পুরাতন র্যাম ও ২৫ পিস নেটওয়ার্ক কানেক্টর (রাউটার) জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
রোববার বিমান বন্দরে পৃথক অভিযান চালিয়ে ওই পণ্যগুলো আটক করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হংকং থেকে আনা একটি কার্টনে পুরাতন র্যাম আটক করা হয়। যেখানে মোট ৮৯০ পিস পুরাতন কম্পিউটার র্যাম ছিল। এগুলোর ওজন ১৬ কেজি ৷
সূত্র আরো জানায়, অন্য এক অভিযানে ২৫ পিস নেটওয়ার্ট কানেক্টর (রাউটার) জব্দ করা হয়েছে। বিটিআরসির অনুমতি নিয়ে এসব পণ্য খালাস করতে হয়। শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে ওই সকল কাগজপত্র না পাওয়ায় ওই পণ্য জব্দ করা হয়৷
অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক ও নিরাপত্তার ঝুঁকির জন্য হুমকি এমন পণ্যের ব্যবসা বা পরিবহন রোধকল্পে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ‘অপারেশন আইরিন’ শুরু করেছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের অধীনে রিজোনাল ইনটেলিজেন্স লিয়েইজন অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (রাইলো এপি) সার্বিকভাবে এই অভিযানে সমন্বয়কের দায়িত্ব পালন করছে। বাংলাদেশ রাইলো এপির অত্যন্ত সক্রিয় সদস্য হিসেবে এই অভিযানে অংশ নিচ্ছে
এ অভিযানের অংশ হিসেবে ৭,৪০০ পিস ভায়াগ্রা, এক বোতল মাদক ও ৬টি ধারালো ছুরি, বোনাপোল চেকপোস্টে তিনজন যাত্রীর কাছ থেকে ১.০২ কোটি টাকার বিদেশি মুদ্রা আটক করা হয়। এ অভিযান ৮ জুলাই শুরু হয়েছে, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৭ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব