মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনের ছবি প্রকাশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনের ছবি প্রকাশ করেছে র‌্যাব। ওই চারজনের সিসিটিভি ফুটেজের একটি ভিডিও র‌্যাবের ফেসবুক পেজে মঙ্গলবার (১৯ জুলাই) প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে থাকা ওই চারজন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে র‌্যাব।

ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন ১ জুলাই রাত ৮টা ৪২ মিনিটে সাদা শার্ট ও প্যান্ট পরা এক যুবক প্রথমে রেস্টুরেন্টের আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থাকেন। তিনি বারবার সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন। ৮টা ৪৬ মিনিটে হঠাৎ করে একটি ধূসর রঙের গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে ওই যুবক তড়িৎ গতিতে নেমে রাস্তা পার হয়ে যায়। এর পরপরই কালো টি-শার্ট ও প্যান্ট পরা অন্য এক যুবক আগের যুবকের পিছু পিছু হাঁটতে থাকেন। তারা দুজন গাছের আড়ালে দাঁড়িয়ে আলাপ শুরু করেন। আলাপ শেষে ৮টা ৫১ মিনিটে তারা দুদিকে হেঁটে চলে যান। ওই সময়ই হালকা বেগুনি রঙেরর শার্ট ও সাদা প্যান্ট পরিহিত অন্য এক যুবক টেলিফোনে কথা বলার ভান করে একই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। রাত ৯টা পর্যন্ত তৃতীয় যুবক একইভাবে টেলিফোনে কথা বলার ভান করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। ওই সময়টুকু দ্বিতীয় যুবক গাছের আড়ালে দাঁড়িয়ে ছিলেন। এবং এ সময়ের মধ্যে সালোয়ার-কামিজ পরিহিত অন্য এক নারী ৮টা ৪৩ মিনিট থেকে ৮টা ৫৭ মিনিট পর্যন্ত ওই রাস্তা ধরেই উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলেন।

রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান রেস্টুরেন্টের ভেতরে ১ জুলাই রাত পৌনে ৯টায় সন্ত্রাসীরা হামলা চালায়। যারা রেস্টুরেন্টে ছিলেন তাদের জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। হামলাকারীরা রাতেই জিম্মি ১৭ বিদেশিসহ ২০ জনকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে যৌথ অভিযানে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে মুক্ত হন ১৩ জন। ওই যৌথ অভিযানে ৬ হামলাকারী নিহত হন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব