মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উন্নয়নের যুদ্ধে জয়ি হতে হলে সমাজ থেকে লিঙ্গবৈষম্য দূর করতে হবে: ইনু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বর্তমানে আমরা একটি উন্নয়ন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যুদ্ধে বিজয়ী হতে হলে সমাজ থেকে লিঙ্গবৈষম্য দূর করতে হবে।’

তিনি বলেন, ‘উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। কিন্তু নীতি নির্ধারণী জায়গায় নারীরা এখনো পিছিয়ে আছে। সমাজে নারী অগ্রগতির পথে প্রধান বাধা হচ্ছে কুসংষ্কার, সন্ত্রাস ও জঙ্গিবাদ।’

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন পেইন্ডেড চিলড্রেনের উদ্যোগে তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। এবারের আলোকচিত্র প্রতিযোগিতার বিষয় ‘উন্নয়নে নারী’।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার ও নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠিত হলেই লিঙ্গ বৈষম্য দূর হবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধু উন্নয়ন যুদ্ধে নয়, লিঙ্গ বৈষম্য দূর করার যুদ্ধেও সবাইকে একসাথে যোগ দিতে হবে। যারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহন সহ্য করতে পারে না, যারা নারীর অগ্রগতি চায় না তাদেরকে প্রতিহত করতে হবে।’

অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায় বলেন, ‘আলোকচিত্রের বিষয়টি খুবই প্রাসঙ্গিক। কর্মজীবী নারীদের উপর এ ধরনের কাজ হলে উন্নয়ন অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণের চিত্রটি উঠে আসবে। বর্তমানে ধর্মের নামে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তা শুধু এখানেই নয় সারা বিশ্বেই। জঙ্গিবাদের উত্থানকে অবদমিত করতে হলে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রেও নারীরা বৃহৎ ভূমিকা রাখতে পারে।’

আনুষ্ঠানে জানানো হয়, আগামী ২১ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত যে কেউ নিজের সদ্য তোলা পাঁচটি ছবি প্রতিযোগিতার জন্য জমা দিতে পারবে। প্রতিযোগিতাটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য, প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করতে পারবে না।

পেইন্টেড চিলড্রেনের ওয়েবসাইটwww.paintedchildren.co.uk -তে ছবি জমা দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারম্যান মমতাজ বেগম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায়, একুশে টেলিভিশনের হেড অব নিউজ (কারেন্ট অ্যাফেয়ার্স) রাশেদ চৌধুরী, আয়েশা মেমোরিয়ালের প্রীতি চক্রবর্তী প্রমুখ।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২০ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব