মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামী লীগের সভাপতিকে অপহরনের পর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম হারগেজা গ্রাম থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল আবচার (৩৪)।

শুক্রবার ভোররাতে তিনি নিজবাড়ি থেকে অপহৃত হন। এ সময় সন্ত্রাসীরা দুটি বাড়িতে ডাকাতি করে বিপুল মালপত্রও লুট করে।

লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকালে তিনি জানান, অপহরণকারীরা মোবাইলফোনে নুরুল আবচারের মুক্তির জন্য ১০ লাখ টাকা পণ দাবি করেছে।

সকাল সাড়ে ১০টার পর থেকে নুরুল আবচারের মোবাইলফোনটি বন্ধ রয়েছে।

মুক্তিপণ দাবি করার সময় অপহরণকারীরা এ ঘটনা প্রশাসনকে না জানানোর জন্য নির্দেশ দেয়। অন্যথায় অপহৃতকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এদিকে নুরুল আবচারের সন্ধানে পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যরা যৌথভাবে দুর্গম জঙ্গলাঞ্চল চষে বেড়াচ্ছেন।

বিষয়টি নিয়ে লামা থানায় একটি অপহরণ মামলা হয়েছে।

এর আগে গত ১৩ জুন বান্দরবান সদর উপজেলার জামছিড়মুখ গ্রাম থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা মংপু মারমা সন্ত্রাসীদের হাতে অপহৃত হন। এখনও তার সন্ধান মেলেনি।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব