সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়। জাতি সমৃদ্ধ হয় ঃ নাসিম
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়। জাতি সমৃদ্ধ হয়।
তার দাবি, বর্তমান সরকারের আমলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুতসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
শুক্রবার তার নির্বাচনী এলাকা কাজীপুরের দুর্গম চরাঞ্চলে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনটি পৃথক সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে ২০১৯ সালের নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।’
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জ্বালাও-পোড়াও করে, বোমা মেরে, মানুষ হত্যা করে জনগণের কাছে পরাজিত হয়েছে। এখন তারা জঙ্গিবাদে মদদ দিচ্ছে। তাদের মদদে দেশে জঙ্গিবাদের বিস্তার হয়েছে। জঙ্গি হামলায় দেশের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, এদেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। জঙ্গি দমনে শেখ হাসিনার সরকার সফল হবেই ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এ অবস্থায় কোনো অপশক্তির কাছে মাথা নত করা যায় না।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক শাহিন হাসান, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব