ইফা নির্ধারিত জুমার খুতবা অনুসরণ না করায় বরিশালে এক ইমামকে পুলিশে দিয়েছে এলাকাবাসী
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নির্ধারিত জুমার খুতবা অনুসরণ না করায় বরিশালের হিজলা উপজেলায় এক ইমামকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার উপজেলার বাউশিয়া ঝন্টু মেম্বরের বাড়ি সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।
ওই ইমামের নাম মাওলানা মো. বেল্লাল তালুকদার। তিনি উপজেলার বড়জালিয়া গ্রামের কালু তালুকদারের ছেলে।
হিজল উপজেলার স্থানীয় সংবাদকর্মী মামুন তালুকদার জানান, আটক বেল্লাল ওই মসজিদের ইমাম নন। তিনি শুক্রবার এসে জোর করে ইমামতি করেন।
বেল্লাল ইফা নির্ধারিত খুতবা পাঠ করেননি। এ কারণে তিনি মুসল্লিদের ক্ষোভের মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, খুতবা নিয়ে ঝামেলা হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ইমামকে নিয়ে এসেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব