নাশকতার পাঁচ মামলায় বিএনপির ২৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে বিচারক আগামী ১০ অক্টোবর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
পাঁচ মামলায় মোট গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হলেন ১০৮ জন। তবে সব মামলায় একই আসামি থাকায় ২৪ জন ধরা হয়েছে।
পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথমদিকে দারুস সালাম থানার পুলিশ আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।