মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘আপনাদের সঙ্গেও আমাদের যুদ্ধ চলবে’

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

 রাজনৈতিক ডেস্ক :

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘অনেকে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে উল্লেখ করে মায়া কান্না দেখাচ্ছেন, বক্তব্য রাখছেন। তাদের বলি, যদি আপনাদের এই বক্তব্য হয় তাহলে আপনাদের সঙ্গেও আমাদের যুদ্ধ চলবে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ যদি ভালো না লাগে, স্বাধীন বাংলাদেশের মানুষের ঘ্রাণ নিতে যদি না পারেন- তাহলে পছন্দমতো রাষ্ট্রে চলে যান। সেখানে আপনাদের সমমনা মানুষ আছে, সেখানে আরামে থাকবেন। এদেশে বাস করে দেশের মানুষের সঙ্গে কোনো প্রকার প্রতারণা চলবে না।

প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, ‘শেখ হাসিনা যা একবার মুখ দিয়ে বের করেন তা তিনি করে ছাড়েন। সুতরাং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যে অঙ্গীকার করেছেন, তা তিনি বাস্তবায়ন করে ছাড়বেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১০৮২০১৬ইং/নোমান