দেশের ছয়টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হচ্ছে
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক : এই ছয় উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৬৫০ জন। এতে মোট ব্যয় হচ্ছে ৫৩৫ কোটি টাকা। আগামী শনিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বাধন করবেন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে নেয়া লক্ষ্যমাত্রা ৭৬ শতাংশ গ্রাহক সংযোগ ইতোমধ্যে অর্জিত হয়েছে। বাপবিবোর ৭৮টি শাখা অফিসের মধ্যে ৬টির আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ শহর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে।
নসরুল হামিদ আরো বলেন, ২০১৮ সালের মধ্যে ৪৬৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে। ১৪টি প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমের ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার কোটি টাকা। আরো ৭টি প্রকল্প নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালের ডিম্বেরের মধ্যে ৯৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আরো তিন বছর কাজ করতে হবে। কাজ এগিয়ে চলছে। আর সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে ৪ থেকে ৫ বছর কাজ করতে হবে।
তিনি আরো জানান, ২০১৮ সালের মধ্যে ৯৫ শতাংশ গ্রাহককে সংযোগের আওতায় আনতে প্রতি মাসে ৩/৪ লাখ সংযোগ দেওয়া হচ্ছে। ২০১৬ সালের মধ্যে ৭৬ শতাংশ, ২০১৭ সালের মধ্যে ৮৭ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৩৮০ কিলোওয়াট এবং ক্যাপটিভসহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫৬৫ মেগাওয়াট। চলতি বছরের নভেম্বরে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উৎসব পালন করা হবে।