রাজশাহীতে পুলিশ সদস্যের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
রাজশাহীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজের স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত আয়েশা সিদ্দিকা শারমিনের বাবা আনোয়রুল ইসলামের অভিযোগ, যৌতুকের দাবিতে তার জামাতা মিনহাজুল ইসলাম পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মিনহাজ বর্তমানে চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। গত ৪ আগস্ট চারঘাটের থানাপাড়ায় ভাড়া বাড়িতে মিনহাজ তার দুই বছরের শিশুকন্যার সামনেই এ হত্যাকাণ্ড ঘটায় বলে তার অভিযোগ।
কিন্তু পরে মিনহাজ এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করে। এ বিষয়ে নিহতের বাবা থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। পরে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে পুলিশের আইজি, পুলিশ একাডেমির অধ্যক্ষ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন।
তবে পুলিশ কনস্টেবল মিনহাজুল ইসলাম স্ত্রী হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি তাকে বাঁচাতে রামেক হাসপাতালে নিয়েছিলাম। এ ঘটনা আমি সঙ্গে সঙ্গেই শ্বশুর বাড়িতে জানিয়েছি।
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শারমিনকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে। তবে যৌতুক নিয়ে সমস্যা ছিল।
তিনি বলেন, যেহেতু মৃত্যুর পর থানায় ইউডি মামলা হয়েছে। তাই নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে কোন ধারায় মামলা হবে। এ জন্য শারমিনের বাবাকে অপেক্ষা করতে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩–০৮–২০১৬ইং/নোমান