পিরোজপুরে দুই শিশু কন্যাকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শিশু কন্যাকে বিষ পান করিয়ে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছেন নাজমুন নাহার লাইজু নামে এক নারী।
রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- গুদিঘাটা সরোজিনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুজ্জামানের স্ত্রী নাজমুন নাহার লাইজু (২৮), তার দু’কন্যা মাইসা আক্তার কনা (২) ও আট মাস বয়সী মাহিয়া আক্তার বেবি।
জানা গেছে, উপজেলার গুদিঘাটা সরোজিনি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মনিরুজ্জামান ফরিদরে সঙ্গে প্রথম স্ত্রী এক সন্তানের জননী কুলসুমের ৪ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে শিক্ষক মনিরুজ্জামান ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ধানীসাফা গ্রামের আব্দুল হক তালুকদারের মেয়ে নাজমুন নাহার লাইজুকে ৩ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়।
এলাকাবাসী জানান, পরপর দুটি কন্যা সন্তানের জন্ম হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ দাম্পত্য কলহের কারণে রোববার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধূ লাইজু দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি রহস্যজনক। তবে, লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।