মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কারিগরি শিক্ষা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : সরকার কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘উপযোগী কর্মসংস্থানের মাধ্যমে কারিগরি শিক্ষা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়িত হবে।’

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ১ম পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে পূর্বে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হতো, যা পরে ২০ শতাংশে উন্নীত করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ফলে বর্তমানে এসব প্রতিষ্ঠানে ছাত্রীর সংখ্যা নির্ধারিত ২০ শতাংশ কোটা অতিক্রম করেছে।

সরকারি-বেসরকারি মিলে ১৬৩টি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ণরত শিক্ষার্থীদের সরকার প্রতি মাসে ৮০০ টাকা করে বৃত্তি প্রদান করছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, কারিগরি শিক্ষার আধুনিকায়নের ফলে শিক্ষার্থীরা এখন লেখাপড়া শেষ করেই কাজ পেয়ে যাচ্ছে। আর তাই এ শিক্ষার প্রসার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত সাড়ে সাত বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ ২০ শতাংশ এবং ২০৩০ সাল নাগাদ ৩০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষার আওতায় চলে আসবে।

অনুষ্ঠানে সারাদেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলে ১১৭টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম বর্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিকৃত ৫৭ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্কিলস এন্ড ট্রেনিং এ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর প্রকল্প পরিচালক মো. ইমরান উপস্থিত ছিলেন। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোজাহের হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।