অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এবং ভেজাল খাবার এর দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ এবং ভেজাল খাবার পরিবেশনের দায়ে রাজধানীর মতিঝিল ও সবুজবাগে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এপিবিএন-৫ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেজাল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে মতিঝিলের ‘প্যারামাউন্ড কনফেকশনারি অ্যান্ড ফাস্ট ফুড’ এর মালিক নুর আলমকে ৫ হাজার টাকা ও ‘মনসুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এর মালিক তানজিম মাহমুদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পচা বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে ‘হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এর ব্যবস্থাপক নাজিরুল ইসলামকে ১০ হাজার টাকা, ‘ইয়ং স্টার চাইনিজ রেস্টুরেন্ট’ এর মালিক রিপন বড়ুয়াকে ৫ হাজার টাকা এবং ‘ব্রোকলি চাইনিজ রেস্টুরেন্ট’ এর মালিক অন্তরা বড়ুয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. আবদুল মজিদ ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী ছিলেন।