দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ ফটিকছড়ি উপজেলার নানুপুরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাটে ইসলামী ফ্রন্টের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নিতে ফটিকছড়ির দক্ষিণ অঞ্চল থেকে সাতটি চাঁদের গাড়ি (জিপ) নিয়ে নানুপুর ইউনিয়নের পশ্চিম নানুপুর-উত্তর নিশ্চিন্তাপুর সড়ক দিয়ে আসার সময় জমিরিয়া ইন্টারন্যাশনাল কিন্ডারগার্ডেনের সামনে কে বা কারা ইট নিক্ষেপ করে। এ সময় গাড়ি থামিয়ে ফ্রন্টের কর্মীরা কিন্ডারগার্ডেনের শিক্ষক ও ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চারটি জিপ ভাংচুর হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষের ব্যাপারে তদন্ত চলছে।
হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার মুহাম্মদ লুৎফুর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।