মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘সেরা রফতানিকারক পদক’ পেল দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :  সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে টানা ১২ বার ‘সেরা রফতানিকারক পদক’ পেল দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ। ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য ছয়টি পদক অর্জন করলো দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী ও রফতানিকারক এই প্রতিষ্ঠান।

রফতানি ক্ষেত্রে অনবদ্য ভূমিকার জন্য গত দুই অর্থবছরের জন্য প্রাণ গ্রুপকে এ পদক দিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে এগ্রো প্রসেসিং পণ্য রফতানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ তিন পদকই পেয়েছে প্রাণ গ্রুপ। এর মধ্যে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণ, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

অন্যদিকে ২০১১-১২ অর্থবছরেও এগ্রো প্রসেসিং পণ্য রফতানিতে প্রাণ এক্সপোর্ট লিমিটেড, প্রাণ এগ্রো লিমিটেড ও প্রাণ ফুডস লিমিটেড যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রফতানি পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ-এর পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও প্রাণ-এর প্রধান রফতানি কর্মকর্তা মিজানুর রহমান।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ফ্রান্সে এগ্রো প্রসেসিং পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে প্রাণ। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে প্রাণ-এর পণ্য রফতানি হচ্ছে।

কামরুজ্জামান কামাল বলেন, এসব পদক পাওয়া সম্ভব হয়েছে আমাদের ব্র্যান্ডের ওপর বিশ্বব্যাপী ভোক্তাদের আস্থা রাখার জন্য। সেরা রফতানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। আগামীতে এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আরো বলেন, প্রাণ পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত ও মধ্যপ্রাচ্য। বাজার সম্প্রসারণে প্রাণ গ্রুপ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

১৯৯৯-২০০০ অর্থবছরে এগ্রো প্রসেসিং পণ্য রফতানির জন্য প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করে প্রাণ গ্রুপ।