সুন্দরবনের গহীনে দুই দফায় মুক্তিপণের দাবিতে ৪৫টি নৌকাসহ ২০ জেলেকে অপহরণ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
সুন্দরবনের গহীনে দুই দফায় মুক্তিপণের দাবিতে ৪৫টি নৌকাসহ ২০ জেলেকে অপহরণ করেছে দুই দস্যু বাহিনী।
পূর্ব বনবিভাগের চান্দেশ্বর এলাকা থেকে ২০টি মাছ ধরার নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অন্যদিকে পশ্চিম বিভাগের বুড়িগোয়ালিনির কাঠেশ্বর এলাকা থেকে ১০ জেলেসহ ২৫টি নৌকা নিয়ে গেছে দস্যু জোনাব বাহিনী।
মঙ্গলবার রাতে পৃথক এ দুইটি অপহরণের ঘটনা ঘটে।
জেলে-মহাজন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকায় ইলিশ মাছ শিকার করছিল জেলেরা। এ সময় জেলে বহরে হামলা চালায় সশস্ত্র বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। পরে দস্যুরা ইলিশ মাছ বোঝাই ২০টি ট্রলার ও ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা করে দাবি করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
রাতে সুন্দরবনের পশ্চিম বিভাগের বুড়িগোয়ালিনির কাঠেশ্বর এলাকায় মাছ ধরার জেলেদের ওপর আক্রমণ করে দস্যু জোনাব বাহিনী। এ সময় দস্যু গ্রুপটির মারধরের কবল থেকে রক্ষা পেতে জেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়ে। জেলেরা সাঁতরে পালানোর চেষ্টাকালে ১০ জেলেসহ ২৫টি নৌকা ধরে নিয়ে যায় দস্যু বাহিনী। এ দস্যু বাহিনীর হাতে আটক জেলেদের প্রত্যেকের কাছে ৩০ হাজার করে টাকা দাবি করা হয়েছে।
দুই দফায় অপহৃত এসব জেলেদের বাড়ি পিরোজপুর, পাথরঘাটা এবং সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২১-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব