ফ্ল্যাট লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের নামে
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
ফ্ল্যাট লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে ছেলে চন্দন কর্মকার (৪২) ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানি কর্মকারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বলেন, নারায়ণগঞ্জ শহরের ৬৬/৬৭ নম্বর বঙ্গবন্ধু সড়কের নয়ন সুপার মার্কেটে চন্দনের মা হরিমতি কর্মকারের (৬০) নামে একটি ফ্ল্যাট আছে। হরিমতির স্বামীর প্রয়াত কামরূপ কর্মকার। তাঁদের ছেলে চন্দন মায়ের অবাধ্য সন্তান। দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটটি লিখে দেওয়ার জন্য চন্দন ও তাঁর স্ত্রী প্রায়ই হরিমতিকে মারধর করতেন। সর্বশেষ ঘটনার দিন তাঁরা হরিমতিকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম করেন। এ ঘটনায় প্রাণনাশের হুমকি ও চুরির অভিযোগ এনে মা হরিমতি বাদী হয়ে ছেলে ও ছেলের বউকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযোগ তদন্ত করছে।
থানা সূত্রে জানা যায়, নির্যাতনের অভিযোগে হরিমতি কর্মকার গতকাল শনিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করার পর পুলিশ চন্দন কর্মকার ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। পুলিশ সেদিনই আদালতে হাজির করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৫-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব